চট্টগ্রাম মডেল স্কুলে ইন-হাউস শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
চট্টগ্রাম মডেল স্কুলে আজ ১৮ জুন ২০২৬ ইন-হাউস শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে দক্ষ, প্রশিক্ষিত ও যুগোপযোগী শিক্ষক গড়ে তোলার পাশাপাশি শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি অপরিহার্য বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মডেল স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক এম. নজরুল ইসলাম খান। নিয়মিত ইন-হাউস শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “একজন শিক্ষকের পেশাগত দক্ষতা, আধুনিক মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে জ্ঞান এবং শিক্ষার্থীকেন্দ্রিক শিক্ষাদানই মানসম্মত শিক্ষার মূল ভিত্তি। তাই শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি এবং বিদ্যালয়ে ইতিবাচক শিক্ষার পরিবেশ নিশ্চিত করা সময়ের দাবি।”
প্রশিক্ষণ কর্মশালায় ধারাবাহিক মূল্যায়ন ও সামষ্টিক মূল্যায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে সংরক্ষণ শিট প্রস্তুতকরণ, মূল্যায়ন তথ্য সংরক্ষণ, শিক্ষার্থীদের শিখন-অগ্রগতি প্রতিবেদন প্রণয়ন, মূল্যায়ন খাতা ব্যবস্থাপনা এবং ফলাফল প্রস্তুতকরণের আধুনিক কৌশল নিয়ে অংশগ্রহণকারী শিক্ষকরা মতবিনিময় করেন।
প্রশিক্ষণে বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষকরা তাঁদের বাস্তব অভিজ্ঞতা ও কার্যকর শিক্ষণ-কৌশল নতুন ও অন্যান্য শিক্ষকদের সঙ্গে ভাগাভাগি করেন। অংশগ্রহণকারীরা শিক্ষার্থীদের শেখার অগ্রগতি পর্যবেক্ষণ, মূল্যায়নের ফলাফল বিশ্লেষণ এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে করণীয় বিষয়েও আলোচনা করেন।
এ সময় প্রধান শিক্ষক এম. নজরুল ইসলাম খান শিক্ষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং বর্তমান শিক্ষাক্রমে ধারাবাহিক মূল্যায়নের গুরুত্ব তুলে ধরেন। তিনি শিক্ষকদের পেশাগত উন্নয়ন ও শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ইয়াসমিন ইসলাম, রুমানা পারভীন, মোহাম্মদ ইলিয়াছ, সুপন দেবনাথ, মেহেদী হাসান ছোটন, কনিকা দাস, মোমিনা আক্তার, লাকি দাস, সানজিদা আক্তার, চৈতি পাল, জান্নাত উর্মি, মিম আক্তারসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
চট্টগ্রাম মডেল স্কুল কর্তৃপক্ষ জানায়, শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য আরও কার্যকর, আনন্দময় ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে বিদ্যালয়ে নিয়মিতভাবে এ ধরনের ইন-হাউস প্রশিক্ষণের আয়োজন করা হয়ে থাকে।