চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ফুটবল খেলার সময় বজ্রপাতে অন্তর আলী, ২২ নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার, ১৫ জুন দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত অন্তর আলী শিবগঞ্জ পৌর এলাকার চকদৌলতপুর মৌলভিটোলা মহল্লার আব্দুল মান্নানের ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার দুপুরে বাড়ির পাশের মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিলেন অন্তর। এ সময় হালকা বৃষ্টির সঙ্গে আকস্মিক বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
তরুণ ফুটবলারের এই আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।