রাজশাহীগামী আন্তঃনগর ট্রেন ‘ধূমকেতু এক্সপ্রেস’-এ বিশেষ অভিযান চালিয়ে ৭২৫ গ্রাম হেরোইন উদ্ধার করেছে পাকশী রেলওয়ে জেলার রাজশাহী রেলওয়ে থানা পুলিশ। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭২ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (৭ জুন ২০২৬) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে এ অভিযান পরিচালনা করা হয়। পাকশী রেলওয়ে জেলার পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসানের দিকনির্দেশনায় এবং রাজশাহী রেলওয়ে থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে পুলিশের একটি চৌকস দল অভিযানটি পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ট্রেনটির এক্সটা-২ বগিতে তল্লাশি চালানো হয়। এ সময় ৩৯ ও ৪০ নম্বর সিটের বাঙ্কারের ওপর রাখা একটি নীল রঙের ট্রাভেল ব্যাগ সন্দেহজনক মনে হলে সেটি শনাক্ত করা হয়।
পরে সাক্ষীদের উপস্থিতিতে ব্যাগটি খুলে তল্লাশি করা হলে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় মোট ৮টি প্যাকেট উদ্ধার করা হয়। এর মধ্যে ৭টি প্যাকেটে ৭০০ গ্রাম এবং আরও একটি প্যাকেটে ২৫ গ্রামসহ সর্বমোট ৭২৫ গ্রাম হেরোইন পাওয়া যায়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭২ লাখ ৫০ হাজার টাকা। তবে অভিযানের সময় কোনো মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি। ব্যাগটির মালিক শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ বিষয়ে রাজশাহী রেলওয়ে থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রেলপথে মাদক পাচার রোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির আওতায় নিয়মিত তল্লাশি ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।