কিশোরগঞ্জের হোসেনপুরে দেশব্যাপী ৫ বছর মেয়াদি ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন খালেদ সাইফুল্লাহ সোহেল খান (ভিপি সোহেল)। তিনি তাঁর বক্তব্যে বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। দেশের প্রতিটি নাগরিককে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর পরিচর্যার প্রতিও গুরুত্ব দিতে হবে।
এ সময় জেলা প্রশাসন, জেলা পরিষদ কিশোরগঞ্জ এবং স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অতিথিরা কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।
বক্তারা আশা প্রকাশ করেন, এই কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি পাবে এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। অনুষ্ঠানের শেষে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে সকলকে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানোর আহ্বান জানানো হয়।