
বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম
কক্সবাজারের টেকনাফ উপজেলার শীলখালী এলাকায় প্রাইভেটকারে ইয়াবা পাচারের সময় এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে ২৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ১ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ শাহীন (১৮), তিনি কক্সবাজার জেলার টেকনাফ থানার মহেশখালীয়া পাড়া গ্রামের আবুল ফয়েজের ছেলে।
মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) সকালে এ তথ্য নিশ্চিত করেন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি।
বিজিবি সূত্রে জানা যায়, একই দিন সকাল আনুমানিক ৭টা ৪০ মিনিটে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী প্রাইভেটকার শীলখালী অস্থায়ী চেকপোস্টে থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে গাড়িটির ড্রাইভিং হুইলের কাপবোর্ডের পেছনে অভিনব কায়দায় লুকানো অবস্থায় কালো কসটেপ দিয়ে মোড়ানো ১৪টি প্যাকেট উদ্ধার করা হয়। পরে সেগুলো গণনা করে ২৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। একই সঙ্গে একটি বিয়ার ক্যানও জব্দ করা হয়।
এ ঘটনায় প্রাইভেটকারের চালক মোঃ শাহীনকে আটক করা হয়। তার কাছ থেকে একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে এবং মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, তিনি টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারে অধিক মূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম জানান, মাদক সরবরাহকারী ও সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। আটক আসামি ও উদ্ধারকৃত আলামত টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, বিজিবি শুধু সীমান্ত নিরাপত্তায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার অঞ্চলের রামু সেক্টরের অধীনে দায়িত্বপ্রাপ্ত উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ ও মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।