
নিজস্ব প্রতিবেদক : এম নজরুল ইসলাম খান
আন্তরিকতা, শুভকামনা ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হলো ওয়েলফেয়ার টিচিং হোমের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) চট্টগ্রাম মডেল স্কুল মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়েলফেয়ার টিচিং হোমের পরিচালক মোহাম্মদ ইলিয়াছ। সুপন দেবনাথ এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মডেল স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এম নজরুল ইসলাম খান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিজয় চৌধুরী শুভ স্যার,এতে উপস্থিত ছিলেন মোসা. নাবিলা আক্তার । এছাড়াও বক্তব্য রাখেন মোঃ শাহেদ,নিহা আক্তার,মোঃ তাহসিন প্রমুখ।
বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনের প্রতিটি ধাপে সততা, অধ্যবসায় ও মানবিক মূল্যবোধ ধারণ করে এগিয়ে যেতে হবে। তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং আসন্ন এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য অর্জনের আহ্বান জানান।
অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষকদের বিশেষ উপহার প্রদান করা হয়, যা অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে। বিদায়ী শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং স্মৃতিময় শিক্ষাজীবনের নানা মুহূর্ত স্মরণ করেন।
অনুষ্ঠানের শেষপর্বে শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের মধ্যে সৌজন্য উপহার বিনিময় করা হয়। আয়োজকরা জানান, এ বিদায় সংবর্ধনা শিক্ষার্থীদের জীবনে একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।