
মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম):
চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিম রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড এলাকায় ভক্তিভরে উদযাপিত হয়েছে ভগবান শ্রীরামকৃষ্ণদেব-এর ১৯১তম জন্মতিথি ও বার্ষিক উৎসব।
১৮ ও ১৯ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে ছিল বর্ণাঢ্য ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচি। উৎসবের সূচনা হয় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও মঙ্গলারতির মাধ্যমে। পরে নগর কীর্তন, শ্রীশ্রী ঠাকুরের বিশেষ পূজা, ভোগ ও হোম, ভজন সংগীত, সমবেত প্রার্থনা ও কীর্তন অনুষ্ঠিত হয়।
এছাড়াও ভক্তদের জন্য ফ্রি চিকিৎসা সেবা, ব্লাড গ্রুপিং ও ডায়াবেটিস পরীক্ষা পরিচালনা করে সুপার ল্যাব ডায়াগনস্টিক সেন্টার, জলিলনগর, রাউজান। সার্বিক সহযোগিতায় ছিল রাউজান বিবেকানন্দ শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদ।
সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করে সারদা সংগীত নিকেতন। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ টেলিভিশন ও বেতার শিল্পী সুধীর দে। বাউল গান ও ভজন পরিবেশন করেন টেলিভিশন ও বেতার শিল্পী নান্টু দেবনাথ। ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান ও তবলা লহড়া পরিচালনা করেন পার্থ প্রতিম দাশ। সারদা সংগীত নিকেতনের ছাত্র-ছাত্রীরাও মনোজ্ঞ পরিবেশনা উপস্থাপন করেন। বিশিষ্ট কবি গান পরিবেশন করেন নিরঞ্জন সরকার ও প্রদীপ রুদ্র তাঁর দলসহ।
উৎসব উপলক্ষে দিবারাত্রি অন্নপ্রসাদের ব্যবস্থা রাখা হয়। রাত ১১টায় অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।
ধর্মীয় আলোচনা সভায় আশীর্বাদক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রামকৃষ্ণ মিশন-এর সহ-সম্পাদক স্বামী পূর্ণব্রতানন্দজী মহারাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ-এর চট্টগ্রাম জেলা যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন সুমন কান্তি দে এবং এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য) ডা. হরিপদ চক্রবর্তী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীকুণ্ডশ্বরী ঔষধালয় লিমিটেড-এর পরিচালক বাসুদেব সিংহ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন দাশগুপ্ত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান রামকৃষ্ণ আশ্রমের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে। স্বাগত বক্তব্য রাখেন আশ্রমের সাধারণ সম্পাদক মানু কর্মকার (মান্না) ও শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক সহ-সভাপতি দুলাল চন্দ্র শীল, উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদের সহ সভাপতি দীপক দাশ, সমল চৌধুরী শ্যামল, সহ সম্পাদক রুবেল শীল, সুজিত শীল, কোষাধ্যক্ষ মানস সরকার, সদস্য প্রকৌশলী সুকান্ত শর্মা বাবু, কৃষ্ণ কর্মকার সহ অন্যান্য সদস্যবৃন্দ।
উক্ত মহতী অনুষ্ঠানে দূর-দূরান্ত থেকে আগত হাজার হাজার নারী-পুরুষ ভক্তবৃন্দের সমাগমে উৎসবস্থল ভক্তিময় পরিবেশে মুখরিত হয়ে ওঠে।
