
মোল্লা জাহাঙ্গীর আলম,স্টাফ রিপোর্টার, খুলনা:
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে গত রোববার (২২ ফেব্রুয়ারি) দেশের ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে খুলনায় পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তাকে।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এই নিয়োগ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অথবা সিটি করপোরেশন পুনর্গঠন না হওয়া পর্যন্ত কার্যকর থাকবে। প্রশাসক হিসেবে তিনি মেয়রের সব ক্ষমতা প্রয়োগ করতে পারবেন এবং বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধা গ্রহণ করবেন। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
নজরুল ইসলাম মঞ্জু দীর্ঘদিন ধরে খুলনার রাজনীতিতে সক্রিয়। তিনি ১৯৭৯ সালে ছাত্রদলের কর্মী হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেন। ২০০৯ থেকে ২০২১ সাল পর্যন্ত খুলনা মহানগর বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। ২০২১ সালে দলীয় পদ থেকে অব্যাহতি পেলেও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে অংশ নিয়ে পরাজিত হওয়ার পর এবার প্রশাসনিক দায়িত্বে ফিরলেন তিনি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্থানীয় পর্যায়ে অভিজ্ঞ ও জনসম্পৃক্ত নেতৃত্বকে প্রশাসনিক দায়িত্বে আনার মাধ্যমে নতুন সরকার নগর ব্যবস্থাপনায় গতি আনতে চায়। খুলনা মহানগরের অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং চলমান প্রকল্পসমূহের বাস্তবায়নে তার অভিজ্ঞতা ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
এদিকে, নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ায় নজরুল ইসলাম মঞ্জুকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। খুলনা শিশু হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিনিয়র কনসালট্যান্ট, খুলনা মহানগর পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি এবং সমাজসেবক ডা. প্রদীপ দেবনাথ বলেন, “নজরুল ইসলাম মঞ্জু খুলনার একজন প্রথিতযশা নেতা। তার প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ শহরের উন্নয়নে নতুন আশার সঞ্চার করেছে। বিশেষ করে শিশু হাসপাতালের সেবার মানোন্নয়ন ও অবকাঠামো উন্নয়নে তার সহযোগিতা প্রত্যাশা করছি।”
এছাড়াও অভিনন্দন জানিয়েছেন খুলনা জেলা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম, অ্যাডভোকেট বিশ্বজিৎ তরফদার, রূপসা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির শেখ, রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য সচিব মিসাইল বিশ্বাস এবং তেরখাদা উপজেলার আজগড়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও তেরখাদা উপজেলা বিএনপির সাবেক সদস্য এসকেন শেখ।
নগরবাসীর প্রত্যাশা, প্রশাসনিক অভিজ্ঞতা ও রাজনৈতিক প্রজ্ঞার সমন্বয়ে খুলনা সিটি করপোরেশনের কার্যক্রমে নতুন গতি আসবে এবং নাগরিক সেবায় দৃশ্যমান উন্নয়ন ঘটবে।