
নাগরিকদের সঙ্গে দুর্ব্যবহার ও তদন্ত ছাড়া মামলা গ্রহণের অভিযোগ; তদন্তের আশ্বাস আরএমপি কমিশনারের
সাইদুর রহমান, রাজশাহীঃ
রাজশাহী বিভাগীয় আইন-শৃঙ্খলা কমিটির সভায় বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে নাগরিকদের সঙ্গে অসদাচরণ ও যথাযথ তদন্ত ছাড়া মামলা গ্রহণের অভিযোগ উঠেছে। সভায় বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। সভায় উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার ড. মো. জিল্লুর রহমান, অতিরিক্ত ডিআইজি দীন মোহাম্মদ, রাজশাহী বিভাগের আট জেলার জেলা প্রশাসক, বিজিবি ও র্যাবের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা।
মুক্ত আলোচনা পর্বে আইন-শৃঙ্খলা কমিটির অন্যতম সদস্য ও রাজশাহী প্রেসক্লাবের সভাপতি এবং ভাষা সৈনিক পরিবারের সদস্য সাইদুর রহমান অভিযোগ তুলে বলেন, বর্তমান ওসি দায়িত্ব গ্রহণের পর থেকে সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণ করছেন। যথাযথ তদন্ত ছাড়াই একাধিক মামলা গ্রহণের মাধ্যমে নিরীহ মানুষকে হয়রানি করা হচ্ছে বলেও তিনি দাবি করেন।
তিনি উল্লেখ করেন, গত ২২ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে মসজিদ মিশন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থী রহস্যজনকভাবে নিখোঁজ হলে তার অভিভাবক অভিযোগ জানাতে বোয়ালিয়া থানায় যান। সে সময় ওসি তার সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ করেন তিনি।
এছাড়া তিন বছর আগের একটি ঘটনায় এএসপি আসিফের প্রাক্তন স্ত্রী মামলা করতে গেলে যথাযথ তদন্ত ছাড়াই মামলা রেকর্ড করে দণ্ডবিধির ৩২৫ ধারায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ তোলেন সাইদুর রহমান। তিনি প্রশ্ন তোলেন, মেডিকেল রিপোর্ট ছাড়া কীভাবে ৩২৫ ধারা যুক্ত করা হলো।
সভায় আরও অভিযোগ করা হয়, সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তারে দৃশ্যমান তৎপরতা নেই। এ পরিস্থিতিতে বোয়ালিয়া মডেল থানায় সৎ, দক্ষ ও দায়িত্বশীল ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগের দাবি জানানো হয়।
এ বিষয়ে আরএমপি কমিশনার ড. মো. জিল্লুর রহমান অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।