
বাগমারা এক মুদিখানা দোকানে আগুন:- রাজশাহীর বাগমারা উপজেলার মুগাইপাড়া বাজারের একটি মুদিখানার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছেন দোকান মালিক। দোকানের মালামাল পুড়ে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৪৫ মিনিট নাগাদ মুগাইপাড়া গ্রামের আবুল কালাম (৫০)-এর মালিকানাধীন মুদিখানার দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়ে। বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়লে দোকান মালিক আগুনের মধ্যে থেকেই বের হওয়ার চেষ্টা করেন। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে দগ্ধ হয়।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে খবর পেয়ে বাগমারা ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বাগমারা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। দোকান মালিক দগ্ধ হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৮ থেকে ১০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।এদিকে, হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বরিউল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিসকে প্রয়োজনীয় সহযোগিতা করে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে আগুনের কারণ তদন্ত করে দেখা হচ্ছে ।