
জাহিদুল ইসলাম, গোদাগাড়ী প্রতিনিধি:
নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) কর্তৃক জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপন ও অতিরিক্ত বিদ্যুৎ বিল আদায়ের প্রতিবাদে রাজশাহীর গোদাগাড়ীতে ব্যতিক্রমধর্মী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ মার্চ) সকাল ১০টায় উপজেলার ডাইংপাড়া গোল চত্বরে “গোদাগাড়ী নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটি”-র আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাথায় কাফনের কাপড় বেঁধে শান্তিপূর্ণভাবে তাদের ক্ষোভ প্রকাশ করেন এবং দাবি তুলে ধরেন। ব্যানারে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়ে লেখা ছিল—
“আমাদের ন্যায্য দাবি মেনে নিন; নয়তো আমাদের হত্যা করে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিন।”
বক্তারা অভিযোগ করেন, নেসকো কর্তৃপক্ষ গ্রাহকদের সম্মতি ছাড়াই প্রিপেইড মিটার স্থাপন করছে এবং এর মাধ্যমে অস্বাভাবিক ও কয়েকগুণ বেশি বিদ্যুৎ বিল আদায় করা হচ্ছে। এতে সাধারণ মানুষ চরম আর্থিক সংকটে পড়েছেন।
ভুক্তভোগীরা জানান, আগে যেখানে স্বাভাবিক বিল পরিশোধ করা যেত, এখন প্রিপেইড মিটারের কারণে কয়েকগুণ বেশি খরচ হচ্ছে। অনেকেই প্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার থেকেও বিরত থাকতে বাধ্য হচ্ছেন। তারা এটিকে “আর্থিক নির্যাতন” বলে উল্লেখ করেন।
মানববন্ধন থেকে অবিলম্বে প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম বন্ধ এবং অতিরিক্ত বিল প্রত্যাহারের দাবি জানানো হয়। পাশাপাশি প্রধানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।
এসময় মানববন্ধনে বক্তব্য দেন নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি অ্যাডভোকেট সালাহ উদ্দীন বিশ্বাস, সহ-সভাপতি অধ্যাপক মজিবুর রহমান, সাধারণ সম্পাদক বরজাহান আলী পিন্টু, শান্ত কুমার মজুমদার, মাহবুবর রহমান বিপ্লব, শহিদুল ইসলাম, নুরে আলম ওয়াহিদ, নজরুল ইসলামসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।