জাহিদ হোসেন ভ্র্যাম্যমান প্রতিনিধি, -খুলনা
খুলনা দিঘলিয়া উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান ২১ ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে দিঘলিয়া উপজেলা প্রশাসন দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচির মধ্যে ছিল শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এছাড়া ভাষা শহিদদের আত্মার মাগফেরাত কামনায় দেশের শান্তি ও সমৃদ্ধি প্রত্যাশা করে মসজিদে বিশেষ মোনাজাত এবং মন্দির, গির্জাসহ অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এর আগে দিবসের প্রথম প্রহর রাত ১২টা ০১ মিনিটে দিঘলিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন দিঘলিয়া থানা পুলিশ, উপজেলা প্রেসক্লাব দিঘলিয়া, দিঘলিয়া সরকারি এম এ মজিদ ডিগ্রি কলেজ ও দিঘলিয়া বিদ্যুৎ বিভাগ। সকালেও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহিদ মিনারে ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় দিঘলিয়া উপজেলা বিএনপি, দিঘলিয়া প্রেসক্লাব ও মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠন অংশগ্রহণ করে।
আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান দিঘলিয়া উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্তের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মাহবুবুল আলম, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সোহাগ হোসেন, উপজেলা সমবায় অফিসার খন্দকার জহিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ জামাল হুসাইন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মাহমুদা সুলতানা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ কিশোর আহমেদ, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার স্নিগ্ধা খাঁ বাবলী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নিসা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার বিশ্বাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মোনায়েম খান, উপজেলা নির্বাচন অফিসার হুমায়রা পারভীন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মমতাজ খানম, উপজেলা তথ্যসেবা অফিসার সাঈদা খাতুন, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা প্রকাশ কুমার আইচ, উপজেলা সহকারী প্রোগ্রামার পুষ্পেন্দু দাশসহ বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ইদ্রিস আলী হাওলাদার, আঃ রাজ্জাক এবং সাবেক সেনা সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সরদার শহীদুল্লাহ্ প্রমুখ।
বক্তারা মহান ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরে বলেন, ১৯৫২ সালের ভাষা শহিদদের আত্মত্যাগের মধ্য দিয়েই বাঙালির স্বাধীনতার সংগ্রামের ভিত্তি রচিত হয়। মাতৃভাষার মর্যাদা রক্ষায় তাদের আত্মদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
এদিকে দিঘলিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠন নিজ নিজ উদ্যোগে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে। দিনব্যাপী কর্মসূচিতে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো উপজেলায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

