নিজস্ব প্রতিবেদক
জাতির শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি, তৎকালীন বিডিআর) অবসরপ্রাপ্ত সুবেদার কোবাদ হোসেনের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গত ২৯ এপ্রিল ছিল তাঁর ২৩তম প্রয়াণ দিবস। ২০০৩ সালের এই দিনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি দৈনিক আজকের নয়া বাংলার বিশেষ প্রতিনিধি মোঃ গোলজার হোসেন হীরার পরম শ্রদ্ধেয় পিতা।
রণক্ষেত্রের সেই নির্ভীক যোদ্ধা পারিবারিক সূত্রে জানা যায়, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি তৎকালীন ইপিআরে (ইস্ট পাকিস্তান রাইফেলস) কর্মরত ছিলেন। দেশমাতৃকার টানে জীবন বাজি রেখে তিনি সরাসরি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। দীর্ঘ ৯ মাস রণক্ষেত্রে বীরত্বের সঙ্গে লড়াই করে দেশের লাল-সবুজের পতাকা ও মানচিত্র ছিনিয়ে আনতে অসামান্য অবদান রাখেন এই বীর সেনানী। দেশ স্বাধীন হওয়ার পর তিনি পুনরায় বিডিআরে (বর্তমানে বিজিবি) যোগ দেন এবং সুবেদার হিসেবে অবসর গ্রহণ করেন।
ব্যক্তিজীবনে সুবেদার কোবাদ হোসেন ছিলেন অত্যন্ত সৎ, দূরদর্শী ও মানবতাবাদী একজন মানুষ। চাকুরিকালীন এবং অবসর জীবনেও তিনি সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তাঁর কর্মনিষ্ঠা ও পরোপকারী মনোভাব এলাকাবাসী ও সহকর্মীদের মাঝে আজও স্মরণীয় হয়ে আছে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ পুত্র, চার কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
পরিবারের সদস্যরা মহান আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করেছেন, যেন দেশ ও জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে পরকালে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করা হয়।