কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
হাইওয়ে পুলিশের নাম ভাঙিয়ে টোকেনের মাধ্যমে মাসিক চাঁদা আদায় করা হচ্ছে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে। চালকদের দাবি, নির্দিষ্ট প্রতীকযুক্ত টোকেন কিনলে মাসজুড়ে আর কোনো ঝামেলা থাকে না। তবে এই টোকেন না থাকলে কাগজপত্র ঠিক থাকলেও মামলা, রিকুইজিশনসহ নানা হয়রানির মুখে পড়তে হয়।
এ ঘটনায় বিশেষ করে কটিয়াদী হাইওয়ে থানার পরিদর্শক মো. মারুফ তৌহিদকে দায়ী করছেন চালকেরা। তারা জানান, মারুফের ভাগিনা নাঈম হাসান পুলিশের পোশাকে চেকপোস্টে দায়িত্ব পালন করেন। সড়কে তিনি ‘ভাগিনা নাঈম’ নামে পরিচিত। তার কথা না শুনলে মারধরসহ নানা হয়রানির শিকার হতে হয়।
অভিযোগের বিষয়ে পরিদর্শক মারুফ তৌহিদ বলেন, কাজের সুবিধার্থে মাঝেমধ্যে স্বেচ্ছাসেবক নেওয়া হয়।