
ডেলিকেটেড (delicated) শব্দটি অর্থ হলো বিশেষভাবে নিবেদিত বা নিষ্ঠাবান। যে শিক্ষক শিক্ষার্থীর প্রতি গভীর মনোযোগী হয়ে দায়িত্বশীলতার সাথে কাজ করছেন তাকে ডেডিকেটেড টিচার বলা হয়।মানসম্মত ও গুণগত শিক্ষা বাস্তবায়নের উপর একটি জাতির সফলতা নির্ভরশীল। শিক্ষার সাথে জড়িত আর শিক্ষার মূল চালিকাশক্তি হলো শিক্ষকগণ। একজন ডেলিকেটেড শিক্ষক মানে শুধু পাঠ্য বই পড়িয়ে দেওয়া নয় বরং শিক্ষার্থীর মানসিক, নৈতিক ও সাংস্কৃতিক বিকাশে আন্তরিকভাবে নিবেদিত প্রাণ।
একজন ডেডিকেটেড শিক্ষক মানে শুধু পাঠ্যবই পড়িয়ে দেওয়া নয়; বরং শিক্ষার্থীর মানসিক, নৈতিক ও সাংস্কৃতিক বিকাশে আন্তরিকভাবে নিবেদিত থাকা। বাংলাদেশের বর্তমান শিক্ষাব্যবস্থায় মানসম্মত ও গুণগত শিক্ষা নিশ্চিত করতে ডেডিকেটেড শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদিও বাস্তবতায় নানা চ্যালেঞ্জ বিদ্যমান।
একজন ডেডিকেটেড শিক্ষকের প্রধান দায়িত্ব হলো শিক্ষার্থীদের প্রতি দায়িত্বশীল ও যত্নশীল হওয়া। তিনি শিক্ষার্থীদের মেধা ও মানসিকতা বুঝে পাঠদান করেন এবং শুধু পরীক্ষার ফলাফলের মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রকৃত জ্ঞান অর্জনে উৎসাহিত করেন। শিক্ষার্থীর চরিত্র গঠন, নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ বিকাশেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
বাংলাদেশের প্রেক্ষাপটে মানসম্মত শিক্ষার অন্যতম শর্ত হলো দক্ষ ও নিবেদিত শিক্ষক। কিন্তু বাস্তবতা হলো—শ্রেণিকক্ষের অতিরিক্ত শিক্ষার্থী, সীমিত সুযোগ-সুবিধা, পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব এবং কখনো কখনো পেশাগত অনাগ্রহ শিক্ষকদের ডেডিকেশনকে বাধাগ্রস্ত করছে। অনেক ক্ষেত্রে শিক্ষকতা পেশা কেবল একটি চাকরিতে পরিণত হচ্ছে, যেখানে আদর্শ ও দায়িত্ববোধ ক্রমশ কমে যাচ্ছে।
একজন ডেডিকেটেড শিক্ষক শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও আচরণগত উন্নয়নেও সচেতন থাকেন। বর্তমান সমাজে প্রযুক্তি নির্ভরতা, পারিবারিক সমস্যার প্রভাব ও সামাজিক অবক্ষয়ের কারণে শিক্ষার্থীরা নানা মানসিক চাপে ভোগে। এ সময় শিক্ষক যদি অভিভাবকের মতো পাশে দাঁড়ান, তাহলে শিক্ষার্থীরা সঠিক পথে এগিয়ে যেতে পারে। এই দায়িত্ব পালনে আন্তরিকতা ও মানবিকতা অপরিহার্য।
এছাড়াও গুণগত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ, আধুনিক শিক্ষণ পদ্ধতি প্রয়োগ এবং নিজেকে সময়ের সাথে আপডেট করা অত্যন্ত জরুরি। ডেডিকেটেড শিক্ষক সব সময় শিখতে আগ্রহী থাকেন এবং নিজের জ্ঞান ও দক্ষতা উন্নয়নে সচেষ্ট থাকেন।
পরিশেষে বলা যায়, বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় মানসম্মত ও গুণগত শিক্ষা বাস্তবায়নের জন্য ডেডিকেটেড শিক্ষক অপরিহার্য। শুধু নীতিমালা বা পাঠ্যক্রম পরিবর্তন যথেষ্ট নয়; প্রয়োজন শিক্ষক সমাজের আন্তরিকতা, দায়িত্ববোধ ও আদর্শে অবিচল থাকা। একজন সত্যিকারের ডেডিকেটেড শিক্ষকই পারে শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে এবং জাতির ভবিষ্যৎকে দৃঢ় ভিত্তির উপর দাঁড় করাতে।একজন ডেডিকেটেড শিক্ষক শুধু শ্রেণীকক্ষে নয়,ছাত্রদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
(লেখক:শিক্ষক ও সাংবাদিক)