বিশেষ প্রতিবেদন::২৬ জুলাই
চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন শেরশাহ বাংলা বাজার এলাকায় একটি নালা থেকে বস্তাবন্দি অবস্থায় বিপুল পরিমাণ গুলি উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া গুলির মধ্যে বড় ও ছোট মিলিয়ে আনুমানিক দেড় হাজারের বেশি রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (২৫ জুলাই) দুপুর প্রায় ২টার দিকে শেরশাহ বাংলা বাজার এলাকার বিএসআরএম কারখানার ৫ নম্বর গেট সংলগ্ন একটি নালা থেকে এসব গুলি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা নালা পরিষ্কারের কাজ করার সময় একটি বস্তা দেখতে পান। সন্দেহ হওয়ায় বস্তাটি খুলে দেখেন, এর ভেতরে বিপুল পরিমাণ গুলি রয়েছে। পরে বিষয়টি বায়েজিদ বোস্তামী থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি গুলিগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
উদ্ধার হওয়া গুলির মধ্যে প্রায় ১২০টি বড় ক্যালিবারের গুলি এবং ১,২০০টিরও বেশি ছোট ক্যালিবারের গুলি রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বড় ক্যালিবারের গুলিগুলো একে-৪৭সহ ভারী অস্ত্রে ব্যবহৃত হয়ে থাকে। তবে এগুলোর প্রকৃত ধরন ও ব্যবহার ফরেনসিক পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হবে।
বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ মোস্তফা কামাল বলেন, শেরশাহ বাংলা বাজার এলাকার বিএসআরএম কারখানার পাশের একটি নালা থেকে বস্তাবন্দি অবস্থায় গুলিগুলো উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১২০টি বড় গুলি এবং প্রায় ১,২০০টির বেশি ছোট গুলি রয়েছে।
তিনি আরও বলেন, "কে বা কারা কী উদ্দেশ্যে এসব গুলি সেখানে ফেলে রেখেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। উদ্ধার হওয়া গুলিগুলো পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি এ ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।"
ঘটনাটি এলকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং গুলিগুলোর উৎস ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে অনুসন্ধান অব্যাহত রয়েছে।