কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় চট্টগ্রাম রেঞ্জে এক হাজার ২৪০ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক করা হয় ৭৫৬ জনকে।
গতকাল বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার (১৬ অক্টোবর) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযানে তাদের গ্রেফতার ও আটক করা হয়।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ১০১ জন, পূর্ববর্তী মামলায় ৪৮ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ২৫ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ২৩ জন এবং ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৩৬ জন রয়েছেন। এছাড়া পরোয়ানামূলে ১৪২ জন, সাজা পরোয়ানামূলে ৩০ জন এবং মাদক মামলায় ৭৯ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক মামলায় গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ছয়জন মাদক বহনকারী ও ৭৩ জন মাদকসেবী। নিয়মিত ও অন্যান্য মামলায় আরও ৪৯ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪৫ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ১০ হাজার ৬০০ টাকা অর্থদণ্ড আদায় এবং ৩৭টি মাদক মামলা করা হয়েছে।
অভিযানে ৩ হাজার ১৩ পিস ইয়াবা, ৫৭ কেজি ৩১০ গ্রাম গাঁজা, ৫২৪ লিটার দেশীয় তৈরি চোলাই মদ, ১৬৭ বোতল বিদেশি মদ ও তিন ক্যান বিয়ার উদ্ধার করা হয়।
এদিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুরের একজন করে এবং নোয়াখালীর দুজন রয়েছেন।
কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৭৫৬ জনের মধ্যে ৫৮৭ জনকে মুচলেকা নিয়ে অভিভাবক বা জিম্মাদারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি ১৬৯ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
জেলাভিত্তিক হিসাবে কুমিল্লায় সর্বোচ্চ ৫১৯ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রামে ৭২, কক্সবাজারে ছয়, ব্রাহ্মণবাড়িয়ায় ২২, চাঁদপুরে তিন, নোয়াখালীতে ৪৪, লক্ষ্মীপুরে ৬১, রাঙামাটিতে ১৬ এবং খাগড়াছড়িতে ১৩ জনকে আটক করা হয়েছে।