কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: নার্গিস আক্তার মুন্নি
কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের হাজিরগল গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক হতদরিদ্র পরিবারের বসতঘর ও গৃহপালিত পশু পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (৩ মার্চ) ভোররাতে এ ঘটনা ঘটে। এতে প্রায় দুই লাখ টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগী মোহাম্মদ খাইরুল ইসলাম, পিতা মোহাম্মদ সিরাজ মিয়া, জানান—ভোরে সেহেরি খেয়ে নামাজ আদায় শেষে তিনি ঘুমিয়ে পড়েন। হঠাৎ আগুনের তাপ ও ধোঁয়া টের পেয়ে ঘুম থেকে জেগে দেখেন ঘরের ভেতর আগুন জ্বলছে। তার ধারণা, ঘরের ভেতরে অটোরিকশা চার্জে সংযুক্ত ছিল, সেখান থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।
তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে একটি ছাগল পুড়ে মারা যায় এবং আরেকটি ছাগল গুরুতর দগ্ধ হয়। এছাড়া একটি রিকশা ও একটি সাইকেল আগুনে ক্ষতিগ্রস্ত হয়।
খাইরুল ইসলাম বলেন, “আমি একজন রিকশাচালক। কষ্ট করে মা, স্ত্রী ও সন্তান নিয়ে সংসার চালাই। আমার স্ত্রী ছাগল পালন করে বছরে কিছু আয় করতেন। তিলে তিলে সঞ্চয় করে এই ঘরটি নির্মাণ করেছিলাম। আজ সব শেষ হয়ে গেছে। সরকারের কাছে সহযোগিতা চাই, যেন আবার ঘরটি নির্মাণ করতে পারি।”
এলাকাবাসী জানান, সেহেরি খেয়ে সবাই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ চিৎকার শুনে বাইরে এসে দেখেন আগুন দাউদাউ করে জ্বলছে। তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আরমান হোসেন উজ্জ্বল বলেন, খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করে একটি ঘর, দুটি ছাগল, একটি সাইকেল ও একটি রিকশার অধিকাংশ অংশ পুড়ে যাওয়ার সত্যতা পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎ সংযোগ থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অবহিত করা হয়েছে এবং প্রশাসনিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।