অস্বাস্থ্যকর পরিবেশে ছানা তৈরি! চাঁপাইনবাবগঞ্জে ভোক্তা অধিকারের ঝটিকা অভিযানে জরিমানা!
এসএম রুবেল ইনভেস্টিগেশন টীম অফ ক্রাইম সিন চাঁপাইনবাবগঞ্জ | ১৯ এপ্রিল, ২০২৬। ভোক্তাদের স্বাস্থ্য ঝুঁকি কমাতে এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দেশজুড়ে নিয়মিত তদারকি চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কল্যাণপুর এলাকায় এক ঝটিকা অভিযান পরিচালনা করে অধিদপ্তর। অভিযানে একটি ছানা উৎপাদনকারী কারখানায় চরম অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরির প্রমাণ পাওয়ায় কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
অভিযানের বিস্তারিত! জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক-ফজলে এলাহি-র নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। পরিদর্শনকালে দেখা যায়,কল্যাণপুরের ওই কারখানায় অত্যন্ত নোংরা পরিবেশে এবং অস্বাস্থ্যকর উপায়ে দুধ থেকে ছানা তৈরি করা হচ্ছে,যা জনস্বাস্থ্যের জন্য চরম হুমকিস্বরূপ। ভোক্তা অধিকার বিরোধী কার্য ও অপরাধ দণ্ড বিধান অনুযায়ী,প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিকভাবে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জরিমানার অর্থ আদায় করা হয়।
ভবিষ্যৎ নির্দেশনা ও সর্তকতা দিলেন ভোক্তা অধিকার! অভিযান শেষে সহকারী পরিচালক ফজলে এলাহি! কারখানা কর্তৃপক্ষকে কঠোরভাবে সতর্ক করে দেন। তিনি জানান, ভবিষ্যতে কোনোভাবেই যেন এমন নোংরা পরিবেশে ছানা ও দুগ্ধজাত পণ্য তৈরি করা না হয়,সে বিষয়ে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করা হয়েছে। এছাড়া তিনি স্পষ্ট বার্তা দেন যে, জনস্বার্থে চাঁপাইনবাবগঞ্জ জেলাজুড়ে এই ধরনের বাজার মনিটরিং ও তদারকি অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। নোংরা ও ভেজালমুক্ত খাবার নিশ্চিত করতে অধিদপ্তরের এই অনমনীয় অবস্থান স্থানীয় সচেতন মহলে বেশ প্রশংসিত হয়েছে।